অনলাইন ডেক্স,
মরক্কো থেকে উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বশাসিত ছিটমহল সেউতায় প্রবেশের সময় অন্তত ৩৪ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। সীমান্ত ভেঙে হাজারো মানুষ সেউতায় প্রবেশের চেষ্টা করলে এ প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (৩১ জুলাই) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সেউতার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ান জেসুস ভিভাস এ তথ্য নিশ্চিত করেন।
ভিভাস বলেন, গত কয়েক দিনের ঘটনায় প্রায় ৬০ হাজার মানুষ সেউতায় প্রবেশ করেছেন। এই সংখ্যা সেউতার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।
সীমান্ত পার হওয়ার সময় প্রাণহানির ঘটনাও বেড়েছে জানিয়ে ভিভাস বলেন, এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর আগে, সেউতায় কতজন অভিবাসী প্রবেশ করেছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি। ভিভাসের বক্তব্যের পর প্রথমবারের মতো সম্ভাব্য মোট সংখ্যার একটি সরকারি হিসাব সামনে এলো।
এদিকে গতকালকের প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, মরক্কোর দিক থেকে অনেক অভিবাসী ভাসমান ইনফ্ল্যাটেবল ডিভাইস ব্যবহার করে পানিপথে সেউতায় প্রবেশ করছেন। এ সময় তাদের কয়েকজনকে ‘স্পেন দীর্ঘজীবী হোক!’ স্লোগান দিতেও দেখা যায়।