• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি কাঁঠাল আমদানিতে চীনের আনুষ্ঠানিক অনুমোদন

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১, ২০২৬, ১৬:১৪ অপরাহ্ণ
বাংলাদেশি কাঁঠাল আমদানিতে চীনের আনুষ্ঠানিক অনুমোদন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎চীনে বাংলাদেশি কাঁঠাল রপ্তানির নতুন দুয়ার খুলেছে। দেশটির কাস্টমস কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। বুধবার (২৯ জুলাই) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

‎দূতাবাস জানায়, গত ২৭ জুলাই চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস (জিএসিসি) এ-সংক্রান্ত অনুমোদন জারি করে। এতে বলা হয়েছে, বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের প্রাসঙ্গিক আইন ও বিধিমালা অনুসরণ এবং চীনের নির্ধারিত আমদানি শর্ত পূরণ সাপেক্ষে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি কার্যকর করা হয়েছে।

‎এর আগে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় দুই দেশের মধ্যে বাংলাদেশ থেকে কাঁঠাল রপ্তানিবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। সেই উদ্যোগের ধারাবাহিকতায় এই অনুমোদনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

‎উল্লেখ্য, গত বছরের মে মাসে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কাঁচা আম আমদানি শুরু করে চীন। সে সময়ই দেশটি বাংলাদেশি কাঁঠাল ও পেয়ারাসহ আরও কয়েকটি ফল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছিল।

‎বিশ্বের সবচেয়ে বড় কাঁঠাল আমদানিকারক দেশগুলোর মধ্যে চীন শীর্ষে রয়েছে। বর্তমানে দেশটি তাদের চাহিদার বড় অংশ ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে আমদানির মাধ্যমে পূরণ করে। অন্যদিকে বাংলাদেশ কাঁঠাল উৎপাদনকারী অন্যতম প্রধান দেশ হলেও আন্তর্জাতিক বাজারে এ ফলের রপ্তানিতে দেশের অংশগ্রহণ এখনো তুলনামূলকভাবে সীমিত।