ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি

Mofossal Barta
প্রকাশিত August 25, 2026, 10:02 AM
ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে রাখা আবু ইউসুফ বাবুল নামে এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর চক্র।

‎সোমবার (২৪ আগস্ট) দুপুরে সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখায় এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা যায়, দুপুরের দিকে এক গ্রাহক ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে আসেন ব্যাংকে। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে পাশেই জমা ভাউচার লেখার সময় চোর কৌশলে টাকার ব্যাগটি কাউন্টার থেকে নিয়ে যায়। গ্রাহক সেজে চোর চক্রের কয়েকজন সদস্য ব্যাংকে প্রবেশ করেছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

‎ভুক্তভোগী আবু ইউসুফ বাবুল বলেন, জেলা সাব রেজিস্ট্রি অফিসের পে অর্ডারে ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দেওয়ার জন্য দুপুরে সোনালী ব্যাংকে যান। টাকা ক্যাশ কাউন্টারের সামনে রেখে ভাউচার লিখছিলেন। এ সময় একটি চক্র সব টাকা নিয়ে পালিয়ে যায়।

‎সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখার প্রধান মো. শরীফুল হক জানান, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে জমার ভাউচার লিখছিল৷ টাকার দিকে নজর না রাখায় চোর চক্র কৌশলে টাকা নিয়ে ব্যাংক থেকে চলে যায়। গ্রাহকের অসাবধানতার কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ চোর চক্রটিকে শনাক্তের চেষ্টা করছে।

‎ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ব্যাংক থেকে গ্রাহকের টাকা চুরির একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।