দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ

Mofossal Barta
প্রকাশিত September 6, 2026, 12:58 PM
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

দেশে জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

‎শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‎বিরোধী দলের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, একদিকে বলা হচ্ছে দেশে তেল ও গ্যাস নেই, অন্যদিকে ২ থেকে ৩ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে। গাড়িগুলো কি পানিতে চলে, নাকি তেলে চলে? দেশে যদি তেলই না থাকে, তাহলে এত গাড়ি নিয়ে লংমার্চ কীভাবে হচ্ছে? তিনি বলেন, লংমার্চে তেল খরচ না করে রাজনৈতিক দলগুলোর উচিত সংসদে এসে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরা। আলোচনা ও তর্ক-বিতর্কের মাধ্যমে জাতীয় সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে বিএনপি সরকারের হাত ধরেই তা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

‎জ্বালানি পরিস্থিতির জন্য বর্তমান সরকারকে দায়ী না করে শামা ওবায়েদ বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময়ে জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রভাব এখনো মোকাবিলা করতে হচ্ছে। বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও প্রয়োজনীয় উৎপাদন সক্ষমতা নিশ্চিত করা হয়নি। দেশের মজুত থাকা গ্যাস উত্তোলনেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

‎তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রভাব অল্প সময়ে দূর করা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিকল্প ও বহুমুখী উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। প্রয়োজনে নতুন উৎস থেকেও জ্বালানি আমদানি করা হবে।

‎সারের সংকট নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই। এ ধরনের প্রচারণার মাধ্যমে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

‎শামা ওবায়েদ বলেন, গণতন্ত্র ফিরে এলেও ষড়যন্ত্র ও অপপ্রচার এখনো চলছে। দেশের সংকটকে রাজনৈতিক সংঘাতের দিকে না নিয়ে জনগণের সমস্যা ও দাবি সংসদে তুলে ধরে গঠনমূলক রাজনীতির চর্চা করা উচিত।