অনলাইন ডেক্স,
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সি স্টেজ বিডি লিমিটেড’ কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।
আন্দোলনরত শ্রমিক মোজাম্মেল ও তরিকুল আলী আজম জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় তাঁরা আবারও আন্দোলনে নামেন। বুধবার বেতন দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। পরে বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করা এবং বেতন পরিশোধের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। তবে শ্রমিকেরা অবরোধ চালিয়ে গেলে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। বকেয়া বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার বিষয়ে শ্রমিকদের অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।