দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন

Mofossal Barta
প্রকাশিত October 27, 2026, 09:38 AM
দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, ক্যান্সার চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে।
‎
‎সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘মেডিকেল ফিজিক্স’ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্বে করেন ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাঈদ ফারহাত আনোয়ার এবং মুখবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া।
‎
‎স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সারের চিকিৎসা শুধু বিভাগীয় শহরকেন্দ্রিক না রেখে জেলা পর্যায়েও পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। জনগণের প্রত্যাশা পূরণে স্বাস্থ্যখাতকে জনমুখী করে নতুনভাবে সাজানো হচ্ছে। এ লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে।
‎
‎বিগত সময়ের তুলনায় স্বাস্থ্যসেবার উন্নতি হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ওষুধের সরবরাহ বাড়ানো হয়েছে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের খাবারের মানও উন্নত করা হয়েছে। ফলে রোগীদের মধ্যে সন্তুষ্টি বাড়ছে।
‎
‎তিনি বলেন, চিকিৎসাসেবায় বাংলাদেশ খুব বেশি পিছিয়ে নেই। তবে চিকিৎসা সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে আরো উন্নতি করার সুযোগ রয়েছে। অতীতে অনিয়ম ও লুটপাটের কারণে স্বাস্থ্যখাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।