তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী: তারেক রহমান

Mofossal Barta
প্রকাশিত November 2, 2026, 18:38 PM
তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী: তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্ক সফর করবেন। এ সম্মেলনের উচ্চপর্যায়ের দুই দিনের অধিবেশনে অংশ নেবেন তিনি।
‎
‎সফরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সাফল্য তুলে ধরার পাশাপাশি জলবায়ু তহবিল ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেওয়ার দাবি জানাবে সরকার।
‎
‎সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
‎
‎প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের তারিখ এবং সম্মেলনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হয়। এবারও তা করা হবে।
‎
‎প্রধানমন্ত্রী এবার খুবই স্বল্প সময়ের জন্য তুরস্ক সফর করবেন। সম্মেলনের উচ্চপর্যায়ের দুই দিনের অধিবেশনে তিনি অংশ নেবেন।
‎
‎সম্মেলনে বাংলাদেশের দুটি বিষয় বিশেষ গুরুত্ব পাবে জানিয়ে শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশ এবং এ অঞ্চলের মানুষের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে। একই সঙ্গে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কী ধরনের সহায়তা প্রয়োজন, তা তুলে ধরা হবে।
‎
‎তিনি বলেন, জলবায়ু তহবিল যেন ঋণ নয়, অনুদান হিসেবে দেওয়া হয়, সে বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে। পাশাপাশি কার্বন নিঃসরণে বড় দেশগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেবে বাংলাদেশ।
‎
‎প্রতিমন্ত্রী বলেন, কার্বন নিঃসরণে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
‎
‎জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী খাল খনন, বৃক্ষরোপণ, সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। এসব উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরাসরি ভূমিকা রাখছে। সম্মেলনে সরকারের এসব উদ্যোগ ও সাফল্যও তুলে ধরা হবে।