ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

Mofossal Barta
প্রকাশিত November 8, 2026, 10:00 AM
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

-

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রামকে পুনরায় সদর উপজেলার সঙ্গে যুক্ত করার দাবিতে আজ রোববার সকাল ৭টা থেকে রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা। চলতি বছরের মে মাসে কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—এই ৬টি গ্রাম ভেঙে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন গঠন করা হয়। এর পর থেকেই স্থানীয়রা এর প্রতিবাদ জানিয়ে আসছিলেন। সম্প্রতি বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে বরিশল ইউনিয়নের সঙ্গে একীভূত করে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাবের সম্ভাব্যতা যাচাইয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে দাপ্তরিক চিঠি পাঠানো হলে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ আরও বাড়ে। এর জের ধরে আজ সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর ও আখাউড়া-আগরতলা সড়ক অবরোধ করা হয়। এই অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, যার কারণে সিলেটগামী পারাবত এক্সপ্রেস, কক্সবাজারগামী বিরতিহীন পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। একই সঙ্গে সড়ক অবরোধের কারণে আখাউড়া স্থলবন্দর ও আখাউড়া-আগরতলা সড়কে ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহনসহ সব ধরনের যান চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।