জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি যথাযথভাবে উপস্থাপন না করার অভিযোগে জেলা প্রশাসক (ডিসি) মো. আল-মামুন মিয়াকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছে জেলা ছাত্রদল। শনিবার রাতে জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় এবং সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় পরবর্তীতে সাধারণ ছাত্র ও ছাত্রদলকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভার মূল ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি না থাকায় উপস্থিত নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা এর প্রতিবাদ জানান। এ ছাড়া অনুষ্ঠান চলাকালীন এক বক্তা শেখ মুজিবুর রহমানকে বারবার ‘জাতির পিতা’ হিসেবে সম্বোধন করলেও সেখানে উপস্থিত জেলা প্রশাসক সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেন। ছাত্রদলের দাবি, এই ঘটনা প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের একটি সুনির্দিষ্ট ষড়যন্ত্রের অংশ।
এদিকে উদ্ভূত পরিস্থিতির কারণে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি তীব্র অসন্তোষ প্রকাশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। তীব্র প্রতিবাদের মুখে জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া ইন্টারনেট থেকে ছবি সংগ্রহ করে ব্যানার তৈরির ভুলের কথা উল্লেখ করে সবার কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন। তবে ছাত্রদল তাদের দাবিতে অনড় থেকে অবিলম্বে জেলা প্রশাসকের অপসারণ ও তদন্ত সাপেক্ষ আইনি ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছে।