চাষীরা জেনে গেলেন কিভাবে নিরাপদে ফল চাষ করতে হয়

Mofossal Barta
প্রকাশিত October 23, 2024, 13:24 PM
চাষীরা জেনে গেলেন কিভাবে নিরাপদে ফল চাষ করতে হয়
সংবাদটি শেয়ার করুন....

 

বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

‘আপনারা কি দেখেছেন যে সতেজ হয় ফল ধরে না লাউ মিষ্টি কুমড়ার গাছে। মূলত এসব গাছে স্ত্রী ও পুরুষ ফুল হয়। স্ত্রী ফুল না ধরলে ফল ধরবে না। এ অবস্থা থেকে উত্তরণে নীচের মরা পাতা ফেলতে হবে। উপরে উঠলে আবার গাছের মাথার অংশ ভেঙে দিতে হবে। তখন শাখা প্রশাখা হয়ে এটাতে স্ত্রী ফুল ধরলে ফল হবে।’
এভাবেই কথা বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। তিনি ফল চাষীদের প্রশিক্ষণ দিতে গিয়ে এসব কথা বলেন। কৃষকরাও তার কাছে লিচুসহ বিভিন্ন ফল চাষ বিষয়ে জানতে চান।
এনজিও সংস্থা আশা এর উদ্যোগে বুধবার নিরাপদ ফল চাষ বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণে ৩০ জন চাষী অংশ নেন।
আশার কেন্দ্রীয় উপ-পরিচালক (কৃষি) মো. খুরশীদ আলম তার বক্তব্যে ফল চাষ বিষয়ে নানা দিক তুলে ধরেন। কিভাবে নিরাপদ ফল চাষ করা যায় সে বিষয়ে তিনি আলোকপাত করেন। পাশাপাশি ফল চাষে চাষীদেরকে উদ্বুদ্ধ করেন।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সুশান্ত সাহা, আশার আঞ্চলিক ব্যবস্থাপক জহুরুল আলম তালুকদার, সিনিয়র জেলা ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, কৃষিবিষয়ক প্রশিক্ষক মো. দেলোয়ার হোসেন, টেকনিক্যাল অফিসার (কৃষি) মো. সোহাগ আলম কৃষকদেরকে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণে নতুন অনেক বিষয়ে জানতে পেরে কৃষকরা বেশ তৃপ্তি নিয়ে ফেরেন।