রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ ও গ্রামীণ মেলার ফাইনাল প্রতিযোগিতায় দুই নৌকার সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে একটি প্রতিযোগী নৌকা পদ্মা নদীতে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা মাঝি-মাল্লাসহ অনেকে নদীতে পড়ে যান। ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ১৪ জন রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যার পর রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকার কাছাকাছি পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফাইনাল প্রতিযোগিতায় পাবনা জেলার আমিনপুর থানার ‘নিউ শারীর ভিটা’ ও কুষ্টিয়ার ‘নিউ জনতা’ নামের দুটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতা চলাকালে ‘নিউ শারীর ভিটা’ নৌকাটি এগিয়ে থাকলে ‘নিউ জনতা’ নৌকাটি সেটির ওপর তুলে দেয় বলে অভিযোগ উঠেছে। এতে ‘নিউ শারীর ভিটা’ নৌকাটি ডুবে যায় এবং নৌকায় থাকা মাঝি-মাল্লাসহ অনেকে নদীতে পড়ে যান।
আহতদের অভিযোগ, নৌকা ডুবে যাওয়ার পর প্রতিপক্ষ নৌকার লোকজন বৈঠা দিয়ে তাঁদের ওপর আঘাত করেন। ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৮০ জন ছিলেন বলে জানা গেছে।