সৌদিতে নির্যাতনের শিকার রেহেনা দূতাবাসের হেফাজতে, দেশে ফেরার প্রস্তুতি

Mofossal Barta
প্রকাশিত October 7, 2026, 20:45 PM
সৌদিতে নির্যাতনের শিকার রেহেনা দূতাবাসের হেফাজতে, দেশে ফেরার প্রস্তুতি
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

৭ অক্টোবর: সৌদি আরবের জেদ্দায় গৃহকর্মী ভিসায় গিয়ে নির্যাতনের শিকার হওয়া হবিগঞ্জের মাধবপুরের রেহেনা খাতুনকে অবশেষে বাংলাদেশ দূতাবাসের হেফাজতে নেয়া হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যেই তাকে দেশে ফেরানোর প্রস্তুতি নেয়া হয়েছে।
‎
‎গত ৩ অক্টোবর রেহেনার নির্যাতনের শিকার হওয়ার খবর প্রকাশের পর ৫ অক্টোবর তাকে দূতাবাসের হেফাজতে নেওয়া হয়। সেখানে তাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
‎
‎প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-পরিচালক আজিজুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ৪ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল্যাণ শাখার পরিচালক লোকমান হোসেন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে চিঠি দিয়ে রেহেনাকে দ্রুত দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
‎
‎রিক্রুটিং এজেন্সি জেনিয়া ওভারসিজের কর্মকর্তা হাসান মিয়া জানান, রেহেনার জন্য বিমানের টিকিট কেনা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তাকে দেশে ফেরানো হবে।
‎
‎রেহেনার স্বামী আলী আহমদ সরকারের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, রেহেনার পাওনা বেতন-ভাতা এখনো পরিশোধ করা হয়নি। তিনি এসব পাওনা আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
‎
‎সর্বশেষ এক ইমু ভিডিও বার্তায় রেহেনা অভিযোগ করেন, তার বেতন-ভাতা পরিশোধ করা হয়নি। এছাড়া তার কাছ থেকে জোর করে একটি জবানবন্দি নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান রেহেনা।