অনলাইন ডেক্স,
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন দক্ষ পুরুষ কর্মী। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে তাদের নিয়োগ দেওয়া হবে। এ জন্য আজ শুক্রবার সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বোয়েসেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। আবেদনকারীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করতে হবে।
বেতনের পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের ওভারটাইমের সুযোগ, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে। আগ্রহী প্রার্থীরা ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে এই লিংকে (https://employee.oep.gov.bd/employee/registration)।