অনলাইন ডেক্স,
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ার পর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
চুক্তিতে সচিব পদে নিয়োজিত মসিউর রহমানকে ডিটিসিএর নির্বাহী পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। তবে প্রত্যাহারের কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।
গত ১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করেন তিনি।
বক্তব্যে মসিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর এই স্লোগান একটি শাশ্বত বাণী। এমনকি তিনি মন্তব্য করেন, ধর্মীয় ব্যক্তিরা বললে এটি হাদিস হিসেবে বিবেচিত হতো। প্রধানমন্ত্রীর দাড়ি ও টুপি না থাকার কারণে সেটি হাদিস হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
এরপর থেকেই তাঁর বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। বক্তব্যের ওই অংশের ভিডিও ছড়িয়ে পড়লে ফেসবুকে অনেকে এ নিয়ে প্রতিক্রিয়া জানান।