• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পায়ে হেঁটে হজ্জের উদ্দেশ্যে রওনা হলেন নাটোরের দুলাল হোসেন

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৪, ২০২৬, ১৮:৩৭ অপরাহ্ণ
পায়ে হেঁটে হজ্জের উদ্দেশ্যে রওনা হলেন নাটোরের দুলাল হোসেন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎পবিত্র হজ্জ পালনের অদম্য ইচ্ছা নিয়ে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়ার দুলাল হোসেন (৪৫)।

‎তিনি উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচোরা গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল পায়ে হেঁটে পবিত্র কাবা শরীফে পৌঁছে হজ্জ পালন করা। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গ্রামবাসীর দোয়া নিয়ে নিজ গ্রাম থেকে যাত্রা শুরু করেন তিনি।

‎দুলাল হোসেনের ব্যতিক্রমী এ উদ্যোগে এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। তাকে বিদায় জানাতে গ্রামবাসী ভিড় করেন। বিদায় মুহূর্তে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত সবাই তার সফল যাত্রা ও সুস্থতার জন্য দোয়া করেন।

‎স্থানীয় বাসিন্দা কাউসার হোসেন বলেন, “দুলাল হোসেনের এই উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণার। আল্লাহ যেন তার সফর সহজ করে দেন এবং হজ্জ কবুল করেন।”

‎গ্রামের প্রবীণ রফিকুল ইসলাম জানান, দুলাল হোসেন অত্যন্ত ধার্মিক ও সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত। দীর্ঘদিন ধরে তিনি এই যাত্রার প্রস্তুতি নিয়েছেন। মহান আল্লাহ যেন তার নিয়ত কবুল করেন।

‎দুলাল হোসেন বলেন, “আল্লাহর ঘরে যাওয়ার আকাঙ্খা থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। পথ দীর্ঘ ও কষ্টসাধ্য হলেও আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে রওনা হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থভাবে মক্কায় পৌঁছে হজ্জ পালন করতে পারি।