অনলাইন ডেক্স,
সাভারের হেমায়েতপুর রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি, ২টি হ্যান্ডকাপ ও ১টি ওয়াকিটকি সেটসহ মোঃ আব্দুল হাকিম জোমাদ্দার ওরফে ‘হাইক্কা ডাকাত’ নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব জানায়, গত ১৬ আগস্ট রাতে র্যাব-৪ ও র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন হেমায়েতপুরের রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্রধারী ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আব্দুল হাকিম জোমাদ্দার একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত। চক্রটি বিভিন্ন এলাকায় ভুয়া ডিবি পুলিশ ও র্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধ করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
অভিযানকালে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি, পুলিশের ব্যবহৃত ২টি হ্যান্ডকাপ এবং ১টি ওয়াকিটকি সেট।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, আব্দুল হাকিম জোমাদ্দার প্রায় ১৩ মাস আগে টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার হয়েছিলেন এবং ২৩ দিন আগে জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৪।