বাঁধনের ওপর হামলা-হেনস্তার ঘটনায় সংসদে প্রতিবাদ

Mofossal Barta
প্রকাশিত September 9, 2026, 08:42 AM
বাঁধনের ওপর হামলা-হেনস্তার ঘটনায় সংসদে প্রতিবাদ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর কোল্ড ড্রিংকস ও পানি ছুড়ে মারা এবং শারীরিক ও মৌখিকভাবে হেনস্তার ঘটনায় সংসদে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।
‎একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতালি সরকারের পাশাপাশি দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চেয়েছেন তিনি।

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রতিবাদ জানান। বিকেল সাড়ে ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

‎জহরত আদিব চৌধুরী বলেন, বিষয়টি হয়তো পয়েন্ট অব অর্ডারের আওতাভুক্ত নয়। তবে বাংলাদেশের মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী একটি ঘটনা। তাই সংসদের বিশেষ ক্ষমতাবলে বিষয়টি উত্থাপনের সুযোগ চান তিনি।

‎তিনি বলেন, চলচ্চিত্র-সংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালির ভেনিসে গিয়েছিলেন। সোমবার তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান। বিভিন্ন মাধ্যমেও এ বিষয়ে তথ্য প্রকাশিত হয়েছে।

‎সংসদ সদস্যের ভাষ্য, বাঁধন পরিবারের সদস্য ও ছোট সন্তানকে নিয়ে একটি পার্কে হাঁটছিলেন। এ সময় তার ওপর শারীরিক হামলা চালানো এবং মৌখিকভাবে হেনস্তা করা হয়। তাকে অত্যন্ত আপত্তিকর ভাষায় কথা বলা হয়। এর পেছনে তিনি ‘জুলাই যোদ্ধা’ এবং জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন—এমন কারণ রয়েছে বলে অভিযোগ করেন জহরত আদিব।

‎তিনি বলেন, একজন নারী এবং দেশের পক্ষে অবস্থান নেওয়া একজন শিল্পীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের ঔদ্ধত্য দেখিয়েছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশে না থাকলেও বিশ্বের যেকোনো স্থানে তারা আইনশৃঙ্খলা ভঙ্গ এবং নারীর ওপর হামলা চালানোর সাহস দেখাতে পারে।

‎ঘটনার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে উল্লেখ করে জহরত আদিব জানতে চান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ নিচ্ছে।