অনলাইন ডেক্স,
ইতালির ভেনিসে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ প্রতিবাদ জানান তিনি।
পোস্টে ছাত্রদল সভাপতি লেখেন, ইতালির ভেনিসে জনপ্রিয় চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ-যুবলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি লেখেন, একজন নারী তথা জুলাই যোদ্ধাকে বিদেশের মাটিতে একা পেয়ে এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা প্রমাণ করে, ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের সামান্যতম অনুশোচনা হয়নি।
সেহেতু এ সন্ত্রাসীদের জন্য আমাদের মনেও কখনো সামান্যতম সহানুভূতি জাগ্রত হবে না। কঠোর হাতে দমন করা হবে, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে। এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিওবার্তায় আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন বাঁধন।
পোস্টে বাঁধন জানান, তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করা হয়েছে। ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ভিডি ক্লিপও প্রকাশ করেছেন তিনি, ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে তার ওপর হামলা চালাতে দেখা যাচ্ছে।
স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন বলে দাবি বাঁধনের। তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়। ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল বলে জানান তিনি।