অনলাইন ডেক্স,
আগামী পাঁচ বছরে দেশের ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘গ্রামীণ অবকাঠামোকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। গ্রামীণ অবকাঠামো উন্নত হলে গ্রামীণ অর্থনীতি আরও চাঙ্গা হবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা শহরের রহমতখালী খালের মাদাম ব্রিজ সংলগ্ন এলাকায় পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খাল খননের পাশাপাশি মাছের চাষ ও বৃক্ষরোপণের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির কথাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘সবাই মিলে আমাদের গ্রামীণ অবকাঠামোকে গুরুত্ব দিতে হবে। তাহলেই গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে। মাছের চাষের মাধ্যমে অর্থনীতি চাঙ্গা করতে হবে।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার আবু তারেক, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।