টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

Mofossal Barta
প্রকাশিত September 19, 2026, 12:40 PM
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক
সংবাদটি শেয়ার করুন....

মোহাম্মদ হোসাইন:::

‎কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফের হোয়াইক্যং সীমান্তবর্তী কোনাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন—হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে মো. আব্দুর রহিম (৪১) এবং আলী জোহরের ছেলে কোরবান আলী।

‎উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎বিজিবি জানায়, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী কোনাপাড়া এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় জাফরের মাছের ঘেরের পাশ দিয়ে মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়।

‎পরে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে দুজনকে আটক করা হয়। পরে তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের দুই কার্টনে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, একটি চেইন, হাতঘড়ি ও একটি দাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

‎বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

‎৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

‎আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।