অনলাইন ডেক্স,
রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকার গুরুত্বপূর্ণ স্থান, ফ্লাইওভার এবং প্রবেশ ও বহির্গমনপথে ২০০টির বেশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে ও মগবাজারে ১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসে আগুন দেওয়া হয়।
যাত্রাবাড়ীতে বিস্ফোরণে ইবাদুর রহমান নামে এক রিকশাচালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাশকতা ঠেকাতে মোটরসাইকেলের ওপর বিশেষ নজরদারির পাশাপাশি নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ।