‎বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের

Mofossal Barta
প্রকাশিত October 18, 2026, 16:58 PM
‎বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের
সংবাদটি শেয়ার করুন....

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
‎দিনাজপুরের বীরগঞ্জে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে মাদকবিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর বীরগঞ্জ পৌর শহরের সরকারি কলেজের অদূরে গোলাপগঞ্জ মোড়ে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম এমপি।
‎
‎বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সুজালপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, যুবদলের সদস্যসচিব ও মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন, মোকাররম হোসেন চৌধুরী পলাশ এবং ছাত্রবিষয়ক সম্পাদক শাজাহান সিরাজ শিপন।
‎
‎এ ছাড়া যুবনেতা আবু সাঈদসহ স্থানীয় মাদকবিরোধী নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুববিষয়ক সম্পাদক মশিউর রহমান।
‎
‎বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
‎
‎তারা আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। বীরগঞ্জে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে সামাজিক প্রতিরোধ জোরদার করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
‎
‎সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।