এলপিজি দাম নির্ধারণে সরকারের ভূমিকা নেই: জ্বালানিমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত November 13, 2026, 09:34 AM
এলপিজি দাম নির্ধারণে সরকারের ভূমিকা নেই: জ্বালানিমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

ফ্যামিলি কার্ডের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে এমন প্রচারকে অপপ্রচার বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, গ্যাসের দাম বার বার বাড়ানো হয়নি। বরং আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে গ্যাস কিনেও গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। তবে এলপিজি বেসরকারি খাত আমদানি করায় এর দাম নির্ধারণে সরকারের ভূমিকা নেই বলেও জানান তিনি।
‎
‎
‎বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত সদস্য নুরুন্নিসা সিদ্দিকার এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জ্বালানিমন্ত্রী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
‎
‎
‎নুরুন্নিসা সিদ্দিকা তার প্রশ্নে বলেন, ‘গ্যাস সমস্যার কারণে অনেক কল কারখানা বন্ধ হয়ে গেছে। গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বারবার। কিন্তু গ্যাস না পেয়েও বিল পরিশোধ করতে হচ্ছে। এমতাবস্থায় গৃহস্থালী গ্যাস সমস্যার সমাধানের জন্য বায়োগ্যাস প্লান্টের কোন পরিকল্পনা সরকারের আছে কি না?’
‎
‎জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি। আপনারা জানেন, যুদ্ধাবস্থায় বাংলাদেশকে অনেক বেশি দাম দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। আজকেও আমরা পারচেজ কমিটিতে অনেক বেশি দাম দিয়ে গ্যাস কিনেছি। বিদ্যুৎকেন্দ্রগুলো চালু রাখার জন্য এবং গৃহে সরবরাহ নিশ্চিত করতে এসব ক্ষেত্রে আমরা গ্যাসের দাম বাড়াইনি।’
‎
‎এলপিজির দাম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় উনি বলতে চাচ্ছেন, এলপিজির দাম। এলপিজি আমরা আমদানি করি না। এটা বেসরকারি খাত আমদানি করে। বেসরকারি খাত আনে, তারা দাম নির্ধারণ করে। এখানে সরকারের কোনো ভূমিকা নেই। সুতরাং আমরা কোনো গ্যাসের দাম বাড়াইনি।’
‎
‎বায়োগ্যাস উৎপাদন ও ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা রিনিউএবল এনার্জির বিষয়ে কাজ শুরু করেছি। বায়োগ্যাসের ব্যাপারেও বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছি। বায়োগ্যাস থেকে গ্যাস তৈরি করে আশপাশের এলাকায় সরবরাহ করা যায়, সে ব্যবস্থাও গ্রহণ করেছি।’
‎
‎
‎অপর এক প্রশ্নে জবাবে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় গ্যাস ও খনিজ সম্পদের অনুসন্ধান এবং উত্তোলন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর লক্ষ্য নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার, আমদানিনির্ভরতা কমানো এবং শিল্প ও বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা।