অনলাইন ডেক্স,
প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ হোসেন ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহী রেলওয়ে স্টেশনে তিনটি আন্তঃনগর ট্রেনসহ বিভিন্ন স্টেশনে আরও তিনটি ট্রেন আটকা পড়ে।
ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। আড়াই ঘণ্টা পর রাজশাহী রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ ঢাকাসহ কয়েকটি ট্রেন প্রায় তিন ঘণ্টা বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ হোসেন ঢাকা মেইলকে বলেন, ‘রেললাইনের পাত ভেঙে যাওয়ায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস ও খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসসহ মোট ছয়টি ট্রেন আটকা পড়েছিল। দ্রুত রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এরপর আটকে থাকা ট্রেনগুলো কিছুটা বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। তবে রেললাইনের পাত কীভাবে ভেঙেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।