অনলাইন ডেক্স,
গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় দীর্ঘদিনের কুখ্যাত মাদকের ‘হটস্পট’ হিসেবে পরিচিত রাজউকের নিজস্ব মালিকানাধীন হাজির মাজার বস্তি উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় টঙ্গী বাজার কলকারখানা অধিদপ্তর সংলগ্ন ভরান হাজী মাজার বস্তিতে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকারের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে এক্সকাভেটর ও পে-লোডার ব্যবহার করে বস্তির সব অবৈধ স্থাপনা এবং মাদকের স্থায়ী আস্তানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে এই এলাকায় অপরাধচক্র মাদকের বিশাল আখড়া গড়ে তুলেছিল। এর ফলে স্থানীয় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতা ও অস্বস্তিতে দিন কাটাচ্ছিলেন। প্রশাসনের এই আকস্মিক ও কঠোর অভিযানে এলাকার অপরাধচক্রের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে, দীর্ঘদিন পর এই মাদকের স্পটটি বন্ধ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে অভিযানটি সম্পন্ন হয়।রাজউক ও পুলিশ প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত এই সরকারি জমিতে পুনরায় যাতে কোনো ধরনের অবৈধ দখল বা মাদকের আস্তানা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি বজায় রাখা হবে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।