মেসির অবসর ঘোষণার পর এএফএ’র আবেগঘন বার্তা

Mofossal Barta
প্রকাশিত September 1, 2026, 10:37 AM
মেসির অবসর ঘোষণার পর এএফএ’র আবেগঘন বার্তা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

বিশ্ব ফুটবলের এক ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার এই বিদায়ী বার্তার পর ফুটবল বিশ্ব জুড়ে নেমে এসেছে গভীর শ্রদ্ধা ও আবেগের আবহ। এমন মুহূর্তেই জাতীয় দলের সঙ্গে মেসির দীর্ঘ পথচলা ঘিরে আবেগঘন বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেসিকে ধন্যবাদ জানিয়ে এএফএ লিখেছে, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার উত্তরাধিকার ও পেশাদারত্ব চিরকাল আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।’ বার্তার শেষে মেসিকে ‘অধিনায়ক’ হিসেবে সম্বোধন করে বলেছে, ‘ধন্যবাদ, অধিনায়ক। আমরা তোমাকে ভালোবাসি।
‎এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী মেসি। এই কিংবদন্তি অধিনায়ক লিখেছেন, ‘ফাইনালের পর থেকে অনেকটা সময় কেটে গেছে। অনেক ভেবে আমি সবাইকে জানাতে চাই, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’


‎সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না। বরং ভেতর থেকে ভীষণ কষ্ট দিয়েছে তাকে। তবে এখন মনে করছেন, এটাই সঠিক সময়। জাতীয় দলের জার্সিতে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি, ‘বিশ্বাস করুন, আমি সব সময় সবকিছু দিয়েছি। শুধু শেষ কয়েক বছরে নয়, তারও আগে থেকে। এই জার্সির জন্য, আপনাদের আনন্দ দেওয়ার জন্য, ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হওয়ার গর্বটা আপনাদের আরও অনুভব করানোর জন্য আমি সব সময় লড়ে গেছি।’


‎বিদায়ের সময়টা তাই মেসির কাছে আরও বেশি কঠিন, ‘সময় দ্রুত ফুরিয়ে আসছে, একের পর এক অধ্যায়ও শেষ হয়ে যাচ্ছে। এটাও এমন একটি অধ্যায়, যা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমি জাতীয় দলকে ভালোবাসি, ভালোবেসেছি এবং সব সময় ভালোবাসব।’