অনলাইন ডেক্স,
চলতি বছরের মধ্যেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সংকট শুধু বাংলাদেশের নয়, এটি বৈশ্বিক সমস্যা। এর প্রভাব দেশের ওপরও পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে। দেশের সম্ভাব্য ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, তেল, বিদ্যুৎ ও গ্যাসের মতো গুরুত্বপূর্ণ খাতের রাষ্ট্রীয় সম্পদ নিয়ে কিছু অসাধু ব্যক্তি অবৈধ কর্মকাণ্ডে জড়িত। রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই ব্যক্তিস্বার্থে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিস্বার্থে ব্যবহারের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে কেউ সরকারি সম্পদ নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এসব আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।