অনলাইন ডেক্স,
রাজশাহী মহানগরীর বনলতা আবাসিক এলাকায় অবস্থিত শাপলা কালচারাল স্কুলে ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩’-এর উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানের শুরুতে সংগীত ও নৃত্যের তালে তালে বর্ণিল আয়োজনে রাসিক প্রশাসককে বরণ করে নেওয়া হয়। পরে তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩’-এর উদ্বোধন করেন। এরপর শাপলা কালচারাল স্কুল কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন রাসিক প্রশাসক।
উদ্বোধনী অনুষ্ঠানে মাহফুজুর রহমান রিটন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, মানবতা, সাম্য ও সম্প্রীতির কবি। তাঁর সাহিত্য ও সংগীত আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, বৈষম্য দূর করতে এবং সুন্দর সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার সুযোগ করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি গান, কবিতা, আবৃত্তি, নৃত্য ও সাহিত্যচর্চা একজন শিক্ষার্থীকে সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩’-এর মতো আয়োজন নতুন প্রজন্মকে নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিশীলতার সঙ্গে আরও গভীরভাবে পরিচিত করবে। এই আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের প্রতিভার বিকাশ ঘটবে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবিক, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়বে, এটাই প্রত্যাশা।
রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহী শুধু শিক্ষানগরী নয়, এটি সংস্কৃতি ও সৃজনশীলতারও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। নগরীর সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করতে রাজশাহী সিটি করপোরেশন সবসময় ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. মোহসিন আলী।
অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব মো. নাসিম খান, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্যসচিব মাহফুজুল হাসনাইন হিকোল এবং আয়েশা হাজরা মডেল স্কুলের অধ্যক্ষ সানজিদা রহমান। এ সময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।