রাজশাহীতে শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন

Mofossal Barta
প্রকাশিত September 25, 2026, 14:27 PM
রাজশাহীতে শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

রাজশাহী মহানগরীর বনলতা আবাসিক এলাকায় অবস্থিত শাপলা কালচারাল স্কুলে ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩’-এর উদ্বোধন হয়েছে।
‎
‎শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
‎
‎অনুষ্ঠানের শুরুতে সংগীত ও নৃত্যের তালে তালে বর্ণিল আয়োজনে রাসিক প্রশাসককে বরণ করে নেওয়া হয়। পরে তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩’-এর উদ্বোধন করেন। এরপর শাপলা কালচারাল স্কুল কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন রাসিক প্রশাসক।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে মাহফুজুর রহমান রিটন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, মানবতা, সাম্য ও সম্প্রীতির কবি। তাঁর সাহিত্য ও সংগীত আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, বৈষম্য দূর করতে এবং সুন্দর সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়।
‎
‎তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার সুযোগ করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি গান, কবিতা, আবৃত্তি, নৃত্য ও সাহিত্যচর্চা একজন শিক্ষার্থীকে সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩’-এর মতো আয়োজন নতুন প্রজন্মকে নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিশীলতার সঙ্গে আরও গভীরভাবে পরিচিত করবে। এই আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের প্রতিভার বিকাশ ঘটবে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবিক, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়বে, এটাই প্রত্যাশা।
‎
‎রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহী শুধু শিক্ষানগরী নয়, এটি সংস্কৃতি ও সৃজনশীলতারও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। নগরীর সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করতে রাজশাহী সিটি করপোরেশন সবসময় ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. মোহসিন আলী।
‎
‎অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব মো. নাসিম খান, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্যসচিব মাহফুজুল হাসনাইন হিকোল এবং আয়েশা হাজরা মডেল স্কুলের অধ্যক্ষ সানজিদা রহমান। এ সময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
‎