অনলাইন ডেক্স,
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা গ্রামে স্ত্রী কর্তৃক স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত মো. রাব্বি মন্ডল (৩২) ওই গ্রামের মো. নজরুল মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে রাব্বি মন্ডল ও তার স্ত্রী ফারজানা আক্তারের (২৭) মধ্যে পারিবারিক কলহ চলছিল। অভিযোগ রয়েছে, এরই একপর্যায়ে ভোরের দিকে নিজ ঘরে ধারালো অস্ত্র দিয়ে রাব্বির গলা কেটে দেওয়া হয়।
ঘটনার পর রাব্বির স্ত্রী ফারজানা আক্তার, পিতা ফয়জার, গ্রাম আমতৈল, শ্রীপুর, বাবার বাড়িতে চলে যান।
নিহতের পরিবারের দাবি, শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে ফারজানার বাবা ফোন করে রাব্বির পরিবারের সদস্যদের জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারি হয়েছে। পরে পরিবারের লোকজন রাব্বির বাড়িতে গিয়ে খাটের ওপর তার রক্তাক্ত মরদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ সময় মরদেহের সুরতহাল কার্যক্রম করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান।
নিহতের স্বজনরা বলেন, “সকালে খবর পেয়ে ঘরে গিয়ে দেখি রাব্বি রক্তাক্ত অবস্থায় খাটের ওপর পড়ে আছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
শ্রীপুর থানার দায়িত্বশীল একটি সূত্র জানায়, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহের সুরতহাল কার্যক্রম শুরু করে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার ও আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটকের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।