• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে তদবির বাণিজ্য, জাল সিল ও স্ট্যাম্পসহ গ্রেপ্তার এক

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৩, ২০২৬, ১৯:২৪ অপরাহ্ণ
প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে তদবির বাণিজ্য, জাল সিল ও স্ট্যাম্পসহ গ্রেপ্তার এক
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা বলে জানিয়েছে পুলিশ।

‎রোববার (২ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মোংলা থানা পুলিশ।

‎গ্রেপ্তার ব্যক্তির নাম টুকু শেখ (৩৫)। তিনি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের বাসিন্দা।

‎পুলিশ জানায়, আটকের সময় টুকু শেখের কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত জাল সিল এবং স্ট্যাম্প জব্দ করা হয়েছে। তদন্তে দেখা গেছে, তিনি সময়ে সময়ে রাজনৈতিক খোলস পাল্টে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। অতীতে আওয়ামী লীগ, জামায়াত ও এনসিপির পরিচয় বহন করলেও সর্বশেষ তিনি নিজেকে শ্রমিক দলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

‎মোংলা থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য ও পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র অবৈধ তদবির বাণিজ্য চালিয়ে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের মূলহোতাকে আটক করা হয়েছে।

‎এই ঘটনায় রোববার দিবাগত রাতে জাল-জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মোংলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।