• ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় হাসপাতাল থেকে নবজাতক চুরির চেষ্টা, দম্পতি কারাগারে

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬, ২৩:৩৮ অপরাহ্ণ
গাইবান্ধায় হাসপাতাল থেকে নবজাতক চুরির চেষ্টা, দম্পতি কারাগারে
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক চুরির অভিযোগে গ্রেপ্তার এক দম্পতিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
‎কারাগারে পাঠানো ওই দম্পতি হলেন—উপজেলার ফাঁসিতলা গ্রামের সিরাজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী শেফালী বেগম (৩৫)।

‎পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রুপালী বেগম প্রসবব্যথা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বেলা ১১টার দিকে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। সন্ধ্যার দিকে শিশুটির দাদি জয়গুন বেওয়া নবজাতককে কোলে নিয়ে প্রসূতি বিভাগের ভেতরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় পাশের শয্যায় থাকা শেফালী বেগম নবজাতকটিকে কোলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে জয়গুন বেওয়া সরল বিশ্বাসে শিশুটিকে তার কাছে রেখে চিকিৎসকের কাছে যান।

‎সুযোগ বুঝে শেফালী ও তার স্বামী সিরাজুল ইসলাম নবজাতককে নিয়ে হাসপাতাল থেকে চম্পট দেওয়ার চেষ্টা করেন। চিকিৎসকের কক্ষ থেকে ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে জয়গুন বেওয়া চিৎকার শুরু করলে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা ওই দম্পতিকে প্রধান ফটকের কাছ থেকে আটক করেন। পরে তাদের কাছ থেকে নবজাতকটিকে উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করে।