বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু

Mofossal Barta
প্রকাশিত September 4, 2026, 18:55 PM
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় গুরুতর আহত ফিরোজা বেগম (৬০) মারা গেছেন।

‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম ওই এলাকার মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

‎প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি গাড়িতে ঢাকা থেকে তার নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন। গাড়িতে তার স্ত্রী নাজমা আরা বেগমও ছিলেন। তাদের নিরাপত্তার জন্য পুলিশের একটি গাড়িও সঙ্গে ছিল।

‎গোপীনাথপুর এলাকায় পৌঁছানোর সময় ফিরোজা বেগম সড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি গাড়িটির সামনে চলে এলে তাকে এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে নেমে যায়। এতে ফিরোজা বেগম গুরুতর আহত হন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রীও আহত হন।

‎দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম জানান, পথচারী নারীকে রক্ষা করতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। পরে গাড়িটি রাস্তার পাশের ধানখেতে পড়ে যায়।

‎গুরুতর আহত ফিরোজা বেগমকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎ওসি শাহীনুজ্জামান বলেন, দুর্ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।