মোঃ মতিউর রহমান (প্রতিবেদক )
রাজধানীর সবুজবাগে স্বামীকে হত্যার পর নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ করেছেন এক নারী। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে ঢাকার সবুজবাগ থানার নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে রেহেনা আক্তার (৪০) নামের এক নারী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, আগের রাতে তিনি তার স্বামী মাহফুজুর রহমানকে (৪০) ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন।
৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি সবুজবাগ থানাকে অবহিত করে। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল আরিফ হোসেন। আর পুরো বিষয়টির তদারকি ও সমন্বয় করেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই আওলাদ হোসেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহ এবং স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে রেহেনা আক্তার এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
খবর পেয়ে সবুজবাগ থানার একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রেহেনা আক্তারকে গ্রেফতার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, ঘটনার বিস্তারিত কারণ ও হত্যাকাণ্ডের প্রকৃত পটভূমি উদঘাটনে তদন্ত চলছে।