পুলিশ সদস্যের গাড়ি চুরি! ৮ মোটরসাইকেলসহ ৪ চোর আটক

Mofossal Barta
প্রকাশিত October 9, 2026, 10:51 AM
পুলিশ সদস্যের গাড়ি চুরি! ৮ মোটরসাইকেলসহ ৪ চোর আটক
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

রংপুরে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মোটরসাইকেল চুরি করে ধরা পড়েছেন চারজন। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া পুলিশের মোটরসাইকেলসহ মোট নয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি।
‎গ্রেফতার ব্যক্তিরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার কয়ারমারী এলাকার ফুলু মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান (২৮), পীরগঞ্জ উপজেলার শাহাপাড়া হাজীপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে হুমায়ুন কবীর রাব্বী (১৯), বদরগঞ্জ উপজেলার কুতুবপুর বালুয়াপাড়া এলাকার আনিসুল হকের ছেলে ওবায়দুল হক (৩৪) এবং একই উপজেলার জামুবাড়ী যাদুনগর এলাকার মুক্তি আলমের ছেলে রমজান আলী (১৯)।
‎
‎
‎ওসি মিলন কুমার চ্যাটার্জি জানান, পুলিশের উপপরিদর্শক রিয়াজুল ইসলাম গত ২৯ সেপ্টেম্বর রংপুর মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নিচে সিঁড়ির পাশে তার মোটরসাইকেলটি রেখে আসামিসংক্রান্ত বিষয়ে কোর্ট পরিদর্শকের সঙ্গে দেখা করতে যান। কাজ শেষে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি আর পাননি। পরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান মেলেনি।
‎
‎তিনি আরও জানান, পরে আদালত চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা যায়, অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজন ব্যক্তি সেখান থেকে মোটরসাইকেলটি চুরি করেছেন। এ ঘটনায় এসআই রিয়াজুল ইসলাম একটি মামলা করেন।
‎
‎
‎মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও সোর্সের মাধ্যমে প্রথমে মোস্তাফিজুর রহমানকে শনাক্ত করে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হুমায়ুন কবীর রাব্বী, ওবায়দুল হক ও রমজান আলীকে আটক করা হয়।
‎
‎পুলিশ জানায়, এই চক্রের আরেক সদস্য রাহাত মিয়া (২০) পলাতক রয়েছেন। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেলসহ মোট নয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
‎
‎ওসি মিলন কুমার চ্যাটার্জি বলেন, গ্রেফতার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।