সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি

Mofossal Barta
প্রকাশিত October 19, 2026, 21:59 PM
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি
সংবাদটি শেয়ার করুন....

‎মোঃ মুক্তাদির হোসেন,
‎ স্টাফ রিপোর্টার।
‎
‎গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেছেন, “সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি। এ দেশের প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নিরাপদে পালনের অধিকার রয়েছে।” ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পালনে বর্তমান সরকার পাশে রয়েছে। তিনি আরও বলেন, “আপনাদের ধর্মীয় উৎসবের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা রয়েছে। আমরা সবাই মিলেমিশে সম্প্রীতি ও শান্তির মধ্যে বসবাস করতে চাই। যেকোনো বিপদ-আপদে আমাকে আপনারা পাশে পাবেন।” সোমবার সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
‎সোমবার সন্ধ্যায় নোয়াপাড়া সার্বজনিন দূর্গা মন্দিরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুক্তাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন প্রমূখ।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন—এটাই প্রত্যাশা। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি উৎসবের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
‎উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনেও ধর্মীয় সম্প্রীতি ও সব ধর্মের মানুষের সহাবস্থানের বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রত্যেকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে।
‎উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু বলেন, পূজামণ্ডপগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও মাঠে থেকে সহযোগিতা করছেন। একই সঙ্গে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।
‎এ সময় অন্যান্যের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ দেওয়ানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
‎