• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুণগত মান বজায় রেখে আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৮, ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ণ
গুণগত মান বজায় রেখে আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ।

‎বাইপাইলে এক সমন্বয় সভা শেষে তিনি বলেন, ‘প্রকল্পের বিভিন্ন চ্যালেঞ্জ দ্রুত সমাধান এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করতে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখা প্রয়োজন।

‎রউফ বলেন, প্রায় ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ সার্ভিস লেন অংশের নির্মাণকাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি মাসের মধ্যেই দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

‎তিনি নির্মাণকাজের কারণে জনদুর্ভোগ কমাতে অতিরিক্ত জনবল নিয়োগের নির্দেশ দিয়ে বলেন, ‘কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং নির্মাণস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

‎প্রকল্প সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশে তুরাগ নদীর স্বাভাবিক পানি প্রবাহ বজায় রেখেই ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে।

‎চলতি বছরের জুন পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭১ দশমিক ৫০ শতাংশে পৌঁছেছে। আর বাস্তব অগ্রগতি হয়েছে ৬৫ শতাংশ।

‎সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দ্রুতগতিতে নির্মাণকাজ এগিয়ে চলছে এবং চলতি মাসের মধ্যেই এক্সপ্রেসওয়ের নির্বাচিত কয়েকটি অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

‎দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের ১২ নভেম্বর। রাজধানীর যানজট কমানোর পাশাপাশি ঢাকা ও দেশের উত্তর এবং উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যে দ্রুত সড়ক যোগাযোগ নিশ্চিত করাই এ প্রকল্পের লক্ষ্য।