অনলাইন ডেক্স,
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মালয়েশিয়াপ্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই নারী স্বামীকে গোপনে তালাক দেওয়ার পর কথিত প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে চলে যান। এ সময় স্বামীর পাঠানো প্রায় ২০ লাখ টাকা ও ১১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার সঙ্গে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে রুমা আক্তার (৩২) ও তার কথিত সঙ্গী কবির হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়। দুজনই আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় রুমা আক্তারের স্বামী মনির হোসেনের ভাগনে মো. রিফাত মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, প্রায় ২৫ বছর আগে মনির হোসেনের সঙ্গে রুমা আক্তারের বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় চার বছর আগে মনির হোসেন কাজের জন্য মালয়েশিয়ায় যাওয়ার পর নিয়মিত স্ত্রীকে অর্থ পাঠাতেন।