আমতলীতে দখল হয়ে যাচ্ছে খাস জমি, গড়ছে নতুন নতুন স্থাপনা

Mofossal Barta
প্রকাশিত July 6, 2024, 19:17 PM
আমতলীতে দখল হয়ে যাচ্ছে খাস জমি, গড়ছে নতুন নতুন স্থাপনা
সংবাদটি শেয়ার করুন....

বরগুনা জেলা সংবাদদাতাঃ

বরগুনার আমতলী পৌরসভার ৩ ও ৬ নং ওয়ার্ডের খাস জমি দখল করে নতুন নতুন পাকা স্থাপনা নির্মানের কাজ চলছে। যে যেখানে যেভাবে পারছে সেভাবে দখল করে নিচ্ছেন। এসব খাস জমি দখল করেই প্রভাবশালীরা পাকা স্থাপনা নির্মাণ করছে। কেউ দুই-তিন তলা ভবনও করছেন। এসব প্রভাবশালীরা আইনের তোয়াক্কা না করেই ভবন নির্মান করে যাচ্ছেন বলে জানা গেছে।

সম্প্রতি পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহালোম মিয়ার বাসার গলির দক্ষিন পাশে বশির উদ্দিন নামের এক কাপড় ব্যবসায়ী ও ৬ নং ওয়ার্ডের আমতলীর কলেজ সড়কের পূর্বপাশে মো. মতিউর রহমান নামে এক ব্যক্তি সড়কের পাশে টিনের বেড়া দিয়ে ভিতরে খাসজমিতে পাকা স্থাপনা নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে বটতলা সংলগ্ন নতুন বাসস্টান্ডের পূর্বপাশে মো. মজিবুর রহমান নামে এক ব্যক্তি কর্তৃক দখলকৃত সরকারী জমি ইতিপূর্বে আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার তিনবার উচ্ছেদ করে উন্মুক্ত করে দিয়েছিলেন। তিনবারই উচ্ছেদের কিছুদিন পরই মজিবর রহমান পুনরায় বেড়া দিয়ে আটকিয়ে রাখেন। বর্তমানে তিনি ওই জমিটি বেড়া দিয়ে আটকিয়ে রেখেছেন যাতে সাধারণ মানুষ ও এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলাও করতে না পারে। তিনি আইনকে উপেক্ষা করে সরকারি জমি দখল করে যাচ্ছেন।

স্থানীয়রা অভিযোগ করেন সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি দখল করলেও প্রশাসনের তেমন হস্তক্ষেপ নেই। অভিযোগ পেলে নামকাওয়াস্তে নিষেধ করা হয়। দু’একদিন কাজ বন্ধ থাকে, তারপর আবার কাজ শুরু হয়। দখল হয়ে যায় সরকারি জমি। এভাবে প্রতিনিয়ত সরকারি জমি দখল হয়ে যাচ্ছে।

আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক হাসান বলেন, সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।