সরকারি চাকরি পেয়েই মালয়েশিয়া প্রবাসীর সঙ্গে বিচ্ছেদ

Mofossal Barta
প্রকাশিত September 20, 2026, 11:22 AM
সরকারি চাকরি পেয়েই মালয়েশিয়া প্রবাসীর সঙ্গে বিচ্ছেদ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উনকিলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাইফুল ইসলাম খোকন অভিযোগ করেছেন, স্ত্রী জান্নাতুল ফেরদাউস সরকারি চাকরি পাওয়ার পর তাঁকে তালাক দিয়েছেন। দীর্ঘদিন প্রবাসে থেকে স্ত্রীর পড়াশোনা ও চাকরির প্রস্তুতির পেছনে অর্থ ব্যয় করার পর এমন ঘটনায় তিনি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন বলে দাবি করেছেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে চাঁদপুর আদালতে মামলাও করেছেন তিনি। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

‎স্থানীয় বাসিন্দা ও মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালে পারিবারিকভাবে সাইফুল ইসলাম খোকনের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের বিয়ে হয়। বিয়ের পর জীবিকার প্রয়োজনে সাইফুল আবার মালয়েশিয়ায় চলে যান। সেখান থেকে তিনি স্ত্রীর উচ্চশিক্ষার ইচ্ছাকে সমর্থন করেন এবং তাঁকে স্থানীয় একটি কলেজে ভর্তি করান।

‎পরবর্তী সময়ে সরকারি চাকরির প্রস্তুতির জন্য স্ত্রীকে ঢাকায় নিয়ে আসেন সাইফুল। প্রায় চার বছর ধরে বিভিন্ন কোচিং করানোসহ পড়াশোনার খরচ, বাসাভাড়া ও অন্যান্য ব্যয় তিনি বহন করেছেন বলে দাবি তাঁর পরিবারের। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২ জানুয়ারি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অফিস সহকারী পদে চাকরি পান জান্নাতুল ফেরদাউস। সাইফুলের অভিযোগ, চাকরি পাওয়ার পর থেকেই তাঁর সঙ্গে স্ত্রীর দূরত্ব তৈরি হতে থাকে। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে গত ১ জুলাই কাউকে না জানিয়ে দেশে ফিরে স্ত্রীর কর্মস্থলে যান তিনি। সেখানে স্ত্রীর সঙ্গে দেখা হলেও তাঁকে অপেক্ষায় রেখে স্ত্রী চলে যান বলে দাবি করেন সাইফুল।

‎পরে গ্রামের বাড়িতে ফিরে শ্বশুরবাড়ির সদস্যদের বিষয়টি জানালে তাঁরা সমাধানের আশ্বাস দেন বলে জানান তিনি। তবে কয়েক দিন পর তাঁর বাড়িতে জান্নাতুল ফেরদাউসের পাঠানো তালাকের নোটিশ পৌঁছে।