অনলাইন ডেক্স,
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তফসিল ঘোষণা করেন।
এদিকে মনোনয়ন পেতে শেষ মুহূর্তে দৌড়ঝাঁপ করছেন বিএনপি নেত্রীরা। মনোনয়ন ঘিরে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। মনোনয়ন পাওয়ার আশায় লবিং-তদবিরে ব্যস্ত সময় পার করছেন দলটির নেত্রীরা।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত আসনের জন্য এমন নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে দল ও অঙ্গসংগঠনের রাজনীতিতে সক্রিয় এবং আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সংরক্ষিত আসনে শুধু সিনিয়র নেত্রী নয়, তরুণ ও শিক্ষিত নারী নেতৃত্বকে অন্তর্ভুক্ত করলে সংসদে দলীয় অবস্থান আরও শক্তিশালী হবে। এ কারণে নতুন ও সম্ভাবনাময় মুখগুলোকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।