• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ২, ২০২৬, ২৩:৩৩ অপরাহ্ণ
পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে মিয়ানমার থেকে চট্টগ্রাম পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণের পুরোনো প্রস্তাবটি নতুন করে আলোচনায় আনার আগ্রহও প্রকাশ করেছে সরকার।
‎রবিবার (২ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মো’র বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য জানিয়েছেন।


‎বৈঠকে জ্বালানিমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে। এ চাহিদা পূরণে নিকটতম প্রতিবেশী মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানিতে বাংলাদেশ আগ্রহী। তিনি আরও জানান, দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা সম্প্রসারণে সরকার আন্তরিক।

‎বাংলাদেশের এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন মিয়ানমারের রাষ্ট্রদূত। তিনি জানান, পাইপলাইনের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আকারেও বাংলাদেশে গ্যাস সরবরাহের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে। এ প্রস্তাবেও ইতিবাচক সাড়া দেন জ্বালানিমন্ত্রী।