দুই অ্যাসিস্ট ও এক গোল মেসির, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাতারকার

Mofossal Barta
প্রকাশিত October 7, 2026, 10:36 AM
দুই অ্যাসিস্ট ও এক গোল মেসির, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাতারকার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

আর্জেন্টিনার তিন গোলেই সরাসরি অবদান রাখলেন লিওনেল মেসি। একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করালেন আরও দুটি। জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নেমে এমন দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বিদায়ের মঞ্চকে স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা। মেসির নৈপুণ্যে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার সকালে বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। ম্যাচে আর্জেন্টিনার হয়ে বাকি দুটি গোল করেছেন নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস পাজ। দুটি গোলের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মেসির।
‎
‎জাতীয় দলের হয়ে সম্ভাব্য শেষ ম্যাচ হওয়ায় মেসিকে ঘিরে ম্যাচটির আবহ ছিল অন্যরকম। গ্যালারিতে উপস্থিত সমর্থকদের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতেও ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই প্রত্যাশার প্রতিদানও দিয়েছেন তিনি দুর্দান্ত পারফরম্যান্সে। ম্যাচে প্রথমে সতীর্থদের গোলের সুযোগ তৈরি করে দেন মেসি। তার পাস থেকে নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস পাজ আর্জেন্টিনার হয়ে গোল করেন। ফলে দুই অ্যাসিস্টে দলের স্কোরলাইনে বড় ভূমিকা রাখার পর শেষ পর্যন্ত নিজেও গোলের দেখা পান মেসি।
‎
‎ম্যাচের শেষভাগে পেনাল্টি থেকে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। তার নিখুঁত শটে বল জালে জড়ানোর সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে মনুমেন্তাল স্টেডিয়াম। মেসির গোল উদযাপনে যোগ দেন সতীর্থ ও গ্যালারিতে থাকা হাজারো সমর্থক।
‎
‎এক ম্যাচে গোল ও জোড়া অ্যাসিস্ট—জাতীয় দলের সম্ভাব্য শেষ উপস্থিতিকে এর চেয়ে স্মরণীয় করে তোলার সুযোগ খুব কমই আসে। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তাই সবচেয়ে বড় নায়ক মেসিই। তার পায়ে বিদায়ের ম্যাচটিও হয়ে উঠল উৎসবের।