অনলাইন ডেক্স,
নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি হাইড্রোপাওয়ার বিদ্যুৎকেন্দ্র। এর প্রভাবে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমোদন পাওয়া চিলমি ও ত্রিশূলি হাইড্রোপাওয়ার প্রকল্পও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে গত সপ্তাহ থেকে কেন্দ্র দুটি বিদ্যুৎ উৎপাদন বন্ধ রেখেছে। ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে প্রায় ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা ছিল। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ বিকল্প প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতের সহযোগিতা চেয়েছে।