‎ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাবে জাপানের ব্যাংক গভর্নরের ইতিবাচক সাড়া

Mofossal Barta
প্রকাশিত October 28, 2026, 09:28 AM
‎ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাবে জাপানের ব্যাংক গভর্নরের ইতিবাচক সাড়া
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের আন্তর্জাতিক সহযোগিতা ব্যাংকের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর কাছে ঢাকায় ব্যাংকটির একটি স্থায়ী কার্যালয় খোলার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। বুধবার জাপানের টোকিওতে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী এই অনুরোধ জানান। জবাবে জেবিআইসি গভর্নর প্রস্তাবটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং অবকাঠামো খাতে জাপানি বিনিয়োগ ও সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে তার সরকার বিভিন্ন আইনি বিধিবিধান সংস্কার ও সহজীকরণের কার্যকর উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, জেবিআইসি-এর অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশ সরকারের বর্তমান উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। জেবিআইসি গভর্নর আমাকাওয়া কাজুহিকো বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বর্তমান বিনিয়োগ পরিবেশের প্রশংসা করেন এবং ঢাকায় ব্যাংকটির কার্যালয় খোলার প্রস্তাবটি ইতিবাচকভাবে মূল্যায়নের প্রতিশ্রুতি দেন। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ সরকারের উচ্চপদস্থ প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।