চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। চট্টগ্রামের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী বুধবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যমকে জানান, প্রশাসনিক কিছু বিষয়ে জাহাংগীর আলমকে ডাকা হয়েছিল। অভিযোগটি খতিয়ে দেখতে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলাম বলেন, জাহাংগীর আলমকে মঙ্গলবার ডাকা হলেও বিষয়টিকে জিজ্ঞাসাবাদ বলা যাবে না। জব্দ করা ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্তের ভিত্তিতে প্রতিবেদন দেওয়া হবে। চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের সূত্রের বরাতে জানা গেছে, ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা জাহাংগীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে। এ অভিযোগ সামনে আসার পর তার ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন পরীক্ষা করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জাহাংগীর আলমের ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তাকে ডাকার পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি অফিস করছেন। তবে পুলিশের নজরদারিতে রয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে এসপি জাহাংগীর আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার দুটি মোবাইল ফোন পুলিশের হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, জাহাংগীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন।