• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন তিন নারী

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ণ
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন তিন নারী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎ভালো কাজের আশায় দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন তিন নারী।

‎বুধবার (১২ আগস্ট) দুপুরে ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ দু’দফায় তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও বিজিবির কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান।

‎ফেরত আসা নারীরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রিয়া খাতুন (২৪), নড়াইলের পিরোলী গ্রামের আব্দুর রউফ মুন্সির মেয়ে শিল্পী খাতুন একা (২৬) এবং পাবনার গারুরি গ্রামের হাসেম সরদারের মেয়ে শিমলা খাতুন (২৬)।

‎বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, বিউটি পার্লারে ভালো কাজের প্রলোভনে দালালদের খপ্পরে পড়ে তারা পাসপোর্ট-ভিসা ছাড়াই অবৈধ পথে ভারতে গিয়েছিলেন। মুম্বাই শহরের একটি বিউটি পার্লারে কাজ করার সময় পুলিশ রিওয়া খাতুনকে আটক করে। সেখানে সে ১ বছর ১ মাস কারাভোগ করে। অন্যদিকে মহারাষ্ট্রের পুনেতে বিউটি পার্লারে কাজ করার সময় আটক হয়ে শিল্পী খাতুন ও শিমলা খাতুন ৮ মাস কারাভোগ করেন।

‎পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংগঠনের কাছে হস্তান্তর করা হয়েছে।