• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বহুতল ভবন থেকে পড়ে নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৩, ২০২৬, ১৩:১৫ অপরাহ্ণ
বহুতল ভবন থেকে পড়ে নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বহুতল আবাসিক ভবনের পঞ্চম তলা থেকে পড়ে এক নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত চিকিৎসক ডা. হেমিকা আগরওয়াল (৪০) পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ সম্ভাব্য সব দিক তদন্ত করছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোটও উদ্ধার হয়নি।

‎ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, রোববার (২ আগস্ট) সন্ধ্যায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদের নন্দগ্রাম থানার আওতাধীন রাজ নগর এক্সটেনশনের অফিসার সিটি-২ সোসাইটিতে এ ঘটনা ঘটে।

‎পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ডা. হেমিকা আগরওয়ালকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

‎ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন, ফরেনসিক আলামত এবং তদন্তে পাওয়া অন্যান্য তথ্য বিশ্লেষণের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

‎পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, প্রায় দেড় বছর আগে ডা. হেমিকা আগরওয়ালের বিবাহবিচ্ছেদ হয়েছিল। এরপর থেকে তিনি মানসিক চাপ ও বিষণ্নতায় ভুগছিলেন। তার বাবা ডা. আর. চন্দ্র, যিনি গাজিয়াবাদের একজন জ্যেষ্ঠ মনোরোগ বিশেষজ্ঞ, মেয়ের চিকিৎসাসংক্রান্ত কিছু তথ্য তদন্তকারীদের কাছে দিয়েছেন।

‎এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ফরেনসিক বিশেষজ্ঞরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। পাশাপাশি পরিবারের সদস্য, প্রতিবেশী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।