দুর্যোগে ঢাকায় ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুতের পরিকল্পনা

Mofossal Barta
প্রকাশিত September 23, 2026, 12:00 PM
দুর্যোগে ঢাকায় ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুতের পরিকল্পনা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

রাজধানীতে ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের বড় একটি নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আনসার-ভিডিপির প্রস্তাবিত ১ লাখ শহর প্রতিরক্ষা দল (টিডিপি) সদস্যকে বিশেষায়িত দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের সঙ্গে আনসার-ভিডিপির মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎বৈঠকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, জোন ও থানা এলাকায় প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা, তাদের প্রশিক্ষণ এবং দুর্যোগের সময় সমন্বিতভাবে মোতায়েনের বিষয়ে আলোচনা করা হয়। আনসার-ভিডিপির ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা দুর্যোগের সময় ফাস্ট রেসপন্ডার হিসেবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাড়া দেওয়া, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং মানবিক পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে বৈঠকে জানানো হয়।

‎এ সময় ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের বিদ্যমান সক্ষমতার পাশাপাশি আনসার-ভিডিপির বিস্তৃত স্বেচ্ছাসেবী নেটওয়ার্ককে কাজে লাগানোর সম্ভাব্য বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়। বৈঠকে প্রস্তাবিত ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবী সদস্যকে বাহিনীর মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য আকস্মিক দুর্যোগ মোকাবিলায় বিশেষায়িত ও উন্নত প্রশিক্ষণ দেওয়ার রূপরেখা নিয়েও আলোচনা হয়। এর মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় পর্যায়ে কার্যকর দুর্যোগ সাড়াদান সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও অগ্নিনির্বাপণসহ জরুরি পরিস্থিতিতে দুই বাহিনীর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। মাঠপর্যায়ে পেশাদারিত্ব বাড়াতে প্রশিক্ষণ সহায়তা এবং কৌশলগত তথ্য আদান-প্রদানের বিষয়েও আলোচনা হয়।

‎ভবিষ্যতে জাতীয় সংকট ও মানবিক দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন আনসার-ভিডিপি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকরা। সংশ্লিষ্টদের আশা, দুই বাহিনীর সমন্বিত উদ্যোগে জননিরাপত্তা জোরদারের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনার ঝুঁকি কমানো সম্ভব হবে।