প্রশাসনকে ‘ম্যানেজ’ করেই চলছে অবৈধ বালু বাণিজ্য

Mofossal Barta
প্রকাশিত August 21, 2026, 09:37 AM
প্রশাসনকে ‘ম্যানেজ’ করেই চলছে অবৈধ বালু বাণিজ্য
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎নেত্রকোনার সীমান্তবর্তী সোমেশ্বরী ও মহাদেও নদীতে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও থেমে নেই বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি সিন্ডিকেট প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ‘ম্যানেজ’ করেই দিনের পর দিন এ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। নদী থেকে বালু তুলে প্রকাশ্যে সড়কের পাশে মজুত ও বিক্রি করা হলেও প্রশাসনের কার্যকর কোনো তৎপরতা চোখে পড়ছে না।

‎অনুসন্ধানে দেখা গেছে, দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা, নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলার বিভিন্ন নদীঘাটে প্রতিদিন শত শত ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। নদী থেকে উত্তোলিত বালু ইজিবাইক, ছোট ট্রাক ও ভ্যানে করে মহাসড়কের পাশে এনে স্তূপ করে রাখা হয়। পরে সেখান থেকে বিভিন্ন এলাকায় তা বিক্রি করা হয়।

‎একাধিক বালু ব্যবসায়ী বলেন, প্রশাসনকে ‘ম্যানেজ’ না করে এ ব্যবসা চালানো সম্ভব নয়। তাদের দাবি, নিয়মিত মাসোহারা দিয়েই তারা নির্বিঘ্নে বালু পরিবহন ও বিক্রি করছেন। তবে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে দাবি প্রশাসনের।

‎স্থানীয় বাসিন্দাদের মতে, নদী রক্ষার দায়িত্বে থাকা সংস্থাগুলোর চোখের সামনেই বছরের পর বছর অবৈধ বালু উত্তোলন চলছে। এতে সরকার যেমন বিপুল রাজস্ব হারাচ্ছে, তেমনই নদীর গতিপথ পরিবর্তন, নদীভাঙন ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়ে পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।